নেইল পলিশ ব্যবহারে কি ওযু অসম্পূর্ণ থেকে যায়?

প্রথমত,
কুরআনে ওযুর নির্দেশনা থেকে একটি জিনিস স্পষ্ট যে, ওযুর উদ্দেশ্য সাধারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা নয়। বরং, ওযুর উদ্দেশ্য হলো সালাতের পূর্বে আল্লাহর একটি নির্দেশনা যথাযথভাবে পালন করা। ওযুর উদ্দেশ্য যদি পরিচ্ছন্নতা অর্জন করাই হতো, তাহলে আল্লাহ আমদের মুখমন্ডল ধৌত করার নির্দেশ না দিয়ে শরীরের অপ্রকাশিত অঙ্গগুলো ধোয়ার নির্দেশ দিতেন, কারণ অন্যান্য অঙ্গের তুলনায় মুখমন্ডল সাধারণত পরিষ্কারই থাকে। কিংবা আল্লাহ মাথা মাসেহের নির্দেশ না দিয়ে একেবারে মাথা ধৌত করারই নির্দেশ দিতেন।
[৫:৬] হে মুমিনগণ! যখন তোমরা সালাতের উদ্দেশে দন্ডায়মান হও তখন তোমাদের মুখমন্ডল ধৌত কর এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা এবং পা’গুলিকে টাখনু পর্যন্ত মাসেহ কর।……

দ্বিতীয়ত,
ওযুর জন্য যদি পানি পাওয়া না যায় তখন কুরআনে মাটি দ্বারা তায়াম্মুম করার নির্দেশ দেওয়া হয়েছে।
[৫:৬]……আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হাত মাসেহ করো।……
এখান থেকে ব্যাপারটি আরো স্পষ্ট হয় যে, ওযুর মূল উদ্দেশ্য শারীরিক পরিচ্ছন্নতা অর্জন নয়।

তৃতীয়,
আল্লাহ তাঁর বান্দাদের জন্য দ্বীন পালন সহজ করতে চেয়েছেন,
[৫:৬]……আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তাঁর নি’আমত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
কেউ যখন আপনাকে এসে বলে, খাবারের জন্য হাত ধুয়ে নাও, তখন কি আপনি হাত ধোয়ার আগে আপনার নেইল পলিশ উঠিয়ে নেন?—নিশ্চয়ই না। ওযুর ব্যাপারটিও এমন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সাধারণ নির্দেশনা। ওযুর ক্ষেত্রে নখের কোণা পর্যন্ত পানি পৌঁছাতেই হবে – ওযুর ক্ষেত্রে এমনকোনো নির্দেশনা আল্লাহ কুরআনে দেননি।

যেহেতু, ওযুর মূল উদ্দেশ্য শারীরিক পরিচ্ছন্নতা অর্জন নয়, বরং সালাতের পূর্বে আল্লাহর একটি বিধান পালন এবং মানসিক পবিত্রতা অর্জন, সেহেতু বলা যায় যে, নেইল পলিশ ব্যবহারে ওযুর কোনো ক্ষতি হবে না।