মুসলিম সমাজে নারীদের পোশাক ও পর্দা নিয়ে যে কঠোরতা ও বিধিনিষেধ প্রচলিত আছে, তার অধিকাংশেরই উৎস কুরআন নয়, বরং বিভিন্ন হাদিস, ফিকাহ এবং ইহুদি-খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি। আমরা যদি সকল পূর্বধারণা সরিয়ে রেখে শুধুমাত্র মহান আল্লাহর বাণী আল-কুরআনের দিকে তাকাই, তবে দেখব ইসলামের বিধানগুলো অত্যন্ত সহজ, যৌক্তিক, শালীন এবং নারীদের জন্য সম্মানজনক।
১. পোশাকের মূল উদ্দেশ্য:
[৭:২৬] “হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং যা তোমাদের সাজসজ্জার উপকরণ। তবে তাকওয়ার পোশাকই সর্বোৎকৃষ্ট।”
এখানে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে, পোশাকের মূল উদ্দেশ্য দুটি: লজ্জাস্থান ঢাকা এবং সৌন্দর্যবর্ধন। কিন্তু বাহ্যিক পোশাকের চেয়েও জরুরি হলো অন্তরের ‘তাকওয়া’ বা নৈতিকতা।
২. সুরা নুর, আয়াত ৩১: নারীদের পোশাকের মূলনীতি
ক. দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থানের হেফাজত
[২৪:৩১ প্রথম অংশ] “আর মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্য (জিনাত) প্রদর্শন না করে—সাধারণভাবে যা প্রকাশিত থাকে তা ছাড়া। তারা যেন তাদের খুমুর(আবরণ) তাদের জুইউব(ক্লিভেজ)-এর ওপর টেনে দেয়…”
এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ খেয়াল করুন:
জিনাত (Zinat): এর অর্থ অলংকার, সৌন্দর্য, সাজসজ্জা ইত্যাদি। আলোচ্য আয়াতে জিনাত বলতে শারীরিক সৌন্দর্যকে বোঝানো হয়েছে, অলংকারকে নয়, কেননা অলংকার কেউ ঢেকে রাখার জন্য পরে না।
ইল্লা মা যাহারা মিনহা: নারীরা তাদের সৌন্দর্য (জিনাত) প্রদর্শন করবে না—“ইল্লা মা যাহারা মিনহা” (যা সাধারণভাবে প্রকাশিত থাকে তা ছাড়া)। ‘সাধারণভাবে প্রকাশিত’ সৌন্দর্য বলতে মুখমণ্ডল, মাথা, হাত, পা এবং পোশাকের বাহ্যিক রূপকে বোঝায়। কাজকর্মে বা চলাফেরায় যা স্বাভাবিকভাবে দেখা যায়, কুরআন তা ঢেকে রাখার আদেশ দেয় না।
লক্ষ্য করে দেখবেন, মানুষের পঞ্চইন্দ্রিয়ের চারটিই মাথা ও মুখমন্ডল অঞ্চলে অবস্থিত। মানুষের দেখা, শোনা, শ্বাস-প্রশ্বাস ও ঘ্রাণ নেয়া, কিংবা আবেগ-অনুভূতির প্রকাশ সবকিছুই হয়ে থাকে মুখমন্ডলের মাধ্যমে। আল্লাহর যদি ইচ্ছা থাকতো নারীরা মুখমন্ডলও ঢেকে রাখবে, তাহলে এই ইন্দ্রিয়গুলো তিনি শরীরের অন্য কোন অংশে দিতে পারতেন। মানুষের ফিতরাত বা স্বভাবজাত বৈশিষ্ট্যিই হলো সুন্দর হওয়া এবং একে অপরের সাথে পরিচিত হওয়া। পর্দার নাম করে নাক-মুখ বেঁধে ফেলা, আবার তা আল্লাহর নামে চালানোর অর্থ হলো আল্লাহকে একটি কঠোর ও অবিবেচক সত্তা হিসেবে উপস্থাপন করা।
খুমুর (Khumur): প্রচলিত অধিকাংশ অনুবাদে ‘খুমুর’ শব্দের অর্থ করা হয় ‘মাথার কাপড়’ বা ‘হেডস্কার্ফ’। এটি সঠিক অনুবাদ নয়। ‘খুমুর’ অর্থ ‘আবরণ’ বা ‘যা কোনো কিছুকে ঢেকে রাখে’ (Covering)। প্রাচীন আরবে যেকোনো পোশাক বা কাপড়ই খুমুর হিসেবে বিবেচিত হতো।
জুইউব (Juyub): এর অর্থ নারীদের বুকের উপরিঅংশ (Bosom/Cleavage)।
আলোচ্য আয়াতে আল্লাহ নারীদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের পরিধানের আবরণ যেন ক্লিভেজের ওপর টেনে দেওয়া হয়। প্রাচীন আরবের নারীরা সাধারণত তাদের বুকের কিছু অংশ খোলা রাখতো। কুরআন নারীদেরকে তা ঢেকে রাখার নির্দেশ দিয়েছে।
চুল ঢাকা কি বাধ্যতামূলক:
আল্লাহ যদি চুল ঢাকাকে ফরজ বা বাধ্যতামূলক করতে চাইতেন, তাহলে এই আয়াতে “রাস”(মাথা) বা “শার”(চুল) শব্দটি ব্যবহার করতেন। কুরআনে ওযুর আয়াতে (৫:৬) আল্লাহ স্পষ্টভাবে “মাথা”(বি-রুউসিকুম) শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু পোশাকের আয়াতে তিনি মাথা বা চুলের কথা উল্লেখই করেননি। যদি নারীদের চুল ঢাকা বাধ্যতামূলকই হতো তাহলে আল্লাহ কখনোই ওযুতে নারীদেরকে মাথা মাসেহের নির্দেশ দিতেন না; মাথা ঢেকে রাখলে নারীরা মসজিদে বা পাব্লিক প্লেসে ওযু করতো কীভাবে? ওযুর আয়াতটি পড়লে স্পষ্ট হয় যে এখানে আল্লাহ যেসব অঙ্গ ধোয়া বা মাসেহ করার নির্দেশ দিয়েছেন (মুখমন্ডল, মাথা, হাত ও পা) তার সবগুলোই (নারীদের ক্ষেত্রে) স্বাভাবিকভাবে প্রকাশিত সৌন্দর্যের মধ্যে পড়ে।
সুতরাং, কুরআনের নির্দেশ হলো—নারীদের বক্ষদেশ বা ক্লিভেজ অবশ্যই ঢেকে রাখতে হবে, মাথা বা চুল ঢাকার শর্ত কুরআন আরোপ করেনি।
ওড়না পরা কি বাধ্যতামূলক:
ওড়না একপ্রকার খিমার বা আবরণ, তবে এর মানে এই নয় যে ওড়না পরিধান বাধ্যতামূলক। ভারতীয় উপমহাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশের নারীরা ওড়না ব্যবহার করেন না। যেকোনো পোশাক বা কাপড়ই খিমার হিসেবে ব্যবহৃত হতে পারে।
খ. যাদের সামনে পোশাক শিথিল করা যাবে
২৪:৩১ আয়াতের পরবর্তী অংশে আল্লাহ একটি দীর্ঘ তালিকা দিয়েছেন, যাদের সামনে নারীরা কোনোরূপ সতর্কতা ছাড়াই তাদের ‘জিনাত'(সৌন্দর্য) প্রদর্শন করতে পারবেন।
[২৪:৩১ মাঝের অংশ] “…আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এদের সামনে ছাড়া—তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজ পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজ নারীগণ, তাদের অধিকারভুক্ত দাস-দাসী, যৌনকামনামুক্ত পুরুষ সেবক এবং ঐসব শিশু যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে এখনো সচেতন হয়নি।…”
তালিকার অন্তর্ভুক্ত ব্যক্তিরা হলেন:
- স্বামী
- পিতা
- শ্বশুর
- নিজ পুত্র
- স্বামীর পুত্র (সৎ পুত্র)
- ভাই
- ভাইয়ের পুত্র (ভাতিজা)
- বোনের পুত্র (ভাগ্নে)
- নিজ নারীগণ (পরিচিত নারীগণ)
- অধীনস্থ দাস-দাসী
- যৌনকামনামুক্ত পুরুষ সেবক
- অল্পবয়সী শিশু (যারা নারীদের গোপন অঙ্গ বা যৌনতা সম্পর্কে এখনো সচেতন হয়নি)
এই তালিকার তাৎপর্য কী?
এই তালিকাটি দেওয়ার মানে এই নয় যে, এই তালিকার বাইরের সবার সামনে নারীদের আপাদমস্তক ঢেকে রাখতে হবে। বরং, এর উদ্দেশ্য হলো—পারিবারিক এবং ঘরোয়া পরিবেশে নারীদের পোশাকের শিথিলতা দেয়া।
একজন নারী যখন তার নিজের ঘরে থাকেন, তখন তিনি হয়তো সন্তানকে দুধ পান করাচ্ছেন বা ঘরোয়া ঢিলেঢালা পোশাকে আছেন যাতে তার গলার নিচের অংশ উন্মুক্ত হয়ে আছে; আল্লাহ এই তালিকার মানুষদের সামনে নারীদের এরূপ “পোশাকের স্বাচ্ছন্দ্য” (Relaxation) বৈধ করেছেন।
কিন্তু যখন তিনি এই বলয়ের বাইরে যাবেন, তখন তাকে তার ক্লিভেজ এবং শরীরের আকর্ষণীয় অঙ্গগুলো শালীন পোশাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ, মাহরামদের সামনে যে শিথিলতা (যেমন পাতলা বা ক্যাজুয়াল পোশাক) চলে, তা পরপুরুষের সামনে চলবে না।
অনেকে বলে থাকেন, এই তালিকার বাইরে সবার সামনেই নারীদেরকে কঠোরভাবে পর্দা করে চলতে হবে, কারো নিকট চেহারাও দেখানো যাবে না—এই দাবি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কেননা, যদি তাদের দাবি সঠিক হতো, তাহলে নারীরা তাদের পরিচিত ও নিকটবর্তী নারী ছাড়া অন্য কোনো নারীর সামনেও তাদের চেহারা দেখাতে পারতো না, কারণ এই তালিকায় সকল নারীকে অন্তর্ভুক্ত করা হয়নি।
বরং, এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে ‘তাদের নিজ নারীগণকে’ (আরবি: নিসায়িহিন্না), অর্থাৎ, পোশাকের শিথিলতা কেবল নারী প্রতিবেশী, নারী আত্মীয়, বান্ধবী ও পরিচিত নারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
অপরিচিত নারীদের সামনে শরীরের লুকায়িত অঙ্গ প্রকাশ করার অনুমতি আল্লাহ দেননি, এর কারণ হতে পারে অপরিচিত নারীদের মধ্যে কেউ হয়তো সমকামিতায় আসক্ত থাকতে পারে—যে তার ওপর বাজে দৃষ্টি দিতে পারে।
গ. হাঁটার আদব
পোশাকের পাশাপাশি আচরণ ও চালচলনের শালীনতাও জরুরি।
[২৪:৩১ শেষ অংশ] “…আর তারা যেন তাদের সৌন্দর্যের গোপন অংশ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদবিক্ষেপ না করে। হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো, যাতে তোমরা সফলকাম হতে পারো।”
এখানে ‘সৌন্দর্যের গোপন অংশ’ বলতে শরীরের এমন অংশকে বোঝানো হয়েছে যা কামোদ্দীপক। অর্থাৎ, নারীরা এমন ভঙ্গিতে হাঁটবে না যাতে তাদের স্পর্শকাতর অঙ্গ (যেমন বক্ষদেশ বা Hips এর কম্পন) দৃশ্যমান হয় এবং অযাচিতভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
৩. সুরা আহযাব, আয়াত ৫৯: বাহিরে যাওয়ার পোশাক
[৩৩:৫৯] হে নবী! তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলো, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের ওপর নামিয়ে দেয় (lower down over themselves)। এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদের ক্ষতি করা হবে না।”
- জিলবাব (Jilbab): এর অর্থ হলো “বহির্বাস” বা “আউটার গার্মেন্ট”। অর্থাৎ গায়ের ওপর যে জ্যাকেট, শাড়ি, কোট, গাউন বা চাদর ইত্যাদি পরা হয় এসবই জিলবাবের অন্তর্ভুক্ত।
- ইউদনিনা (Yudnina): এর অর্থ হলো “নিচু করা” বা “নামিয়ে দেওয়া” (To lengthen / draw down)। আয়াতটিতে জিলবাবের কিছু অংশ নিচের দিকে লম্বা করতে বলা হয়েছে (যাতে মেয়েদের স্কার্ট বা জামার দৈর্ঘ্য বেশি ছোট না হয় এবং শরীর যথাযথভাবে ঢাকা থাকে)।
- অনেকে জিলবাব বলতে এমন নির্দিষ্ট কিছু পোশাককে বোঝান যেগুলো নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলে। তাহলে প্রশ্ন থাকে, যেই পোশাক মাথা থেকে মাটি পর্যন্ত নেমে গেছে তার আরও কিছু অংশ কীভাবে নামিয়ে দেয়া সম্ভব?
- তাছাড়া আপাদমস্তক ঢাকা বোরকা পরলে তাদেরকে সম্ভ্রান্ত নারী হিসেবে চেনারই বা উপায় কী? অপরাধ ও খারাপ কাজে জড়িত নারীরাও তো বোরকা পরে, এমনকি পুরুষ অপরাধীরাও বোরকা পরে।
- সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় আপাদমস্তক ঢেকে রাখা পোশাক কখনোই কুরআনে বর্ণিত জিলবাবের বৈশিষ্ট্য ধারণ করে না।
পরিশেষে বলা যায়, এই আয়াতের মূল উদ্দেশ্য পর্দা নয়, বরং মুমিন নারীদের নিরাপত্তা ও পরিচিতি নিশ্চিত করা। শালীন ও উপযুক্ত পোশাক পরলে মানুষ বুঝতে পারবে তারা সম্ভ্রান্ত পরিবারের নারী এবং তাদের ক্ষতি করা হবে না।
৪. ‘হিজাব’ শব্দের ভুল ব্যবহার
আজকাল মুসলিম নারীদের পোশাক বলতেই “হিজাব” শব্দটি ব্যবহৃত হয়। অথচ, কুরআনে ‘হিজাব’ শব্দটি সাতবার এসেছে কিন্তু একবারও তা দিয়ে নারীদের পোশাক বা মাথার কাপড় বোঝানো হয়নি।
কুরআনিক আরবিতে হিজাব মানে হলো—পর্দা, আড়াল, অন্তরাল, প্রতিবন্ধকতা বা দেয়াল ইত্যাদি।
১. (৭:৪৬) –“এবং তাদের (জান্নাতি ও জাহান্নামি) উভয়ের মাঝে থাকবে একটি ‘হিজাব’ (পর্দা বা দেয়াল)…”
২. (১৭:৪৫) –“যখন তুমি কুরআন পাঠ করো, তখন আমি তোমার ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মাঝে একটি ‘হিজাবাম মাসতুরা’ (অদৃশ্য পর্দা) করে দেই।”
৩. (১৯:১৭) –“অতঃপর তিনি (মারিয়াম) তাদের থেকে ‘হিজাব’ (আড়াল) গ্রহণ করলেন…”
৪. (৩৩:৫৩) – “তোমরা যখন তাদের (নবীর স্ত্রীদের) কাছে কোনো কিছু চাইবে, তখন ‘হিজাব’ (বা পর্দার) পেছন থেকে চাইবে…”
৫. (৩৮:৩২) – “এদিকে তা (সূর্য) ‘হিজাব’ (আড়াল)-এ চলে গেছে…”
৬. (৪১:৫) –“তারা বলে, ‘তুমি যার দিকে আমাদের ডাকছ সে বিষয়ে আমাদের অন্তর আচ্ছাদিত, আমাদের কানে ছিপি লাগানো এবং তোমার ও আমাদের মাঝে একটি ‘হিজাব’ (পর্দা) আছে’…”
৭. (৮৩:১৫) – “কখনোই নয়, তারা সেদিন তাদের পালনকর্তার দর্শন থেকে ‘মাহজুবুন’ (আড়ালে) থাকবে।”
সুতরাং, দেখা যাচ্ছে কুরআনের হিজাবের সাথে পোশাক-আশাকের কোনো সম্পর্ক নেই। বর্তমানে নারীদের মাথায় কাপড় দেওয়ার নিয়মকে যে “হিজাব” বলা হয়—তা কুরআনিক পরিভাষা নয়।
৫. ৩৩:৩২-৩৩ আয়াতের ভুল ব্যবহার
প্রায়শই দেখা যায় সুরা আহযাবের ৩২-৩৩ আয়াত দুটিকে ব্যবহার করে নারীদেরকে গৃহবন্দি করার চেষ্টা করা হয়, এমনকি তাদের কণ্ঠস্বরকেও ‘পর্দা’র অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়—এটি কুরআনের অপব্যাখ্যার একটি বড় উদাহরণ।
এই আয়াতগুলো শুধুমাত্র নবীর স্ত্রীদের জন্য নির্দিষ্ট (খাস), সাধারণ নারীদের জন্য নয়।
ক. নির্দিষ্ট সম্বোধন
আয়াতটি শুরু হয়েছে এভাবে:
[৩৩:৩২ প্রথম অংশ] “হে নবীর স্ত্রীগণ! (Ya nisa-an-nabi) তোমরা অন্য কোনো নারীর মতো নও…”
এখানে আল্লাহ সরাসরি “হে নবীর স্ত্রীগণ” বলে সম্বোধন করেছেন; “হে মুমিন নারীগণ” কথাটি (যা ৩৩:৫৯ বা ২৪:৩১ এ ব্যবহার করেছেন) বলেননি। সুতরাং, এই নির্দেশটি সাধারণ বিধান হিসেবে সব নারীর ওপর চাপানো কুরআনের টেক্সটের সরাসরি লঙ্ঘন।
আল্লাহ এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন: “তোমরা অন্য কোনো নারীর মতো নও।” এই বাক্যটিই প্রমাণ করে যে, নবীর স্ত্রীদের মর্যাদা, দায়িত্ব এবং সীমাবদ্ধতা সাধারণ নারীদের থেকে ভিন্ন। তাদের জন্য যা ফরজ বা নিষিদ্ধ, তা সাধারণ নারীদের জন্য প্রযোজ্য নয়।
খ. কণ্ঠস্বর
[৩৩:৩২ দ্বিতীয় অংশ] “…সুতরাং তোমরা পরপুরুষের সাথে কোমল ভঙ্গিতে কথা বলো না, পাছে যার অন্তরে ব্যাধি আছে সে কুবাসনা করে এবং তোমরা ন্যায়সংগত কথা বলবে।”
এই অংশে দেখা যাচ্ছে, নবীর স্ত্রীদেরকে পরপুরুষদের সামনে কোমল কন্ঠে কথা বলতে বারণ করা হয়েছে, অন্যথায় যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হতে পারে। এই আয়াত কাজে লাগিয়ে কখনোই অন্য সকল নারীদের কন্ঠস্বরকে পর্দার আওতায় ফেলা যুক্তিযুক্ত নয়।
গ. গৃহে অবস্থান
[৩৩:৩৩] ” আর তোমরা তোমাদের গৃহাভ্যন্তরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না…।”
এটি ছিল নবীর স্ত্রীদের জন্য একটি রাজনৈতিক ও সামাজিক সুরক্ষামূলক নির্দেশ। সাধারণ নারীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়। কারণ কুরআনে সাধারণ নারীদের উপার্জনের কথা বলা হয়েছে (৪:৩২), সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে, একত্রে আহার করার কথা বলা হয়েছে নারী-পুরুষের কোনো বিভেদ উল্লেখ না করেই (২৪:৬১)—যার কোনোটিই ঘরবন্দি থেকে করা সম্ভব নয়। এছাড়াও সুরা কাসাসে আমরা দেখতে পাই শুয়াইবের কন্যারা ঘরের বাইরেও কাজ করতেন।
সুরা আহযাবের ৩২-৩৩ আয়াত দুটি কেবল নবীর স্ত্রীদের জন্য প্রযোজ্য, এগুলো দেখিয়ে সাধারণ নারীদের ঘরবন্দি করা বা তাদের কণ্ঠরোধ করা অন্যায়। সাধারণ মুমিন নারীদের জন্য প্রযোজ্য আয়াতগুলো হলো (২৪:৩১) এবং (৩৩:৫৯), যেখানে তাদেরকে শালীনতা বজায় রেখে স্বাভাবিক জীবনযাপন ও চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে।
৬. ইবাদতের সময় সুন্দর বেশভূষা গ্রহণের নির্দেশ
[৭:৩১] “হে আদম সন্তান! তোমরা প্রত্যেক মসজিদে তোমাদের ‘জিনাত’ (সুন্দর পোশাক ও সাজসজ্জা) গ্রহণ করো…”
আল্লাহ এখানে নির্দিষ্ট করে পুরুষদের বলেননি, বরং “হে আদম সন্তান” বলে নারী এবং পুরুষ উভয়কেই সম্বোধন করেছেন। অর্থাৎ, মসজিদে যাওয়ার সময় বা ইবাদতের সময় সুন্দর পরিচ্ছদ ও সাজসজ্জা গ্রহণ করা নারী-পুরুষ সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
আল্লাহ নিজেই যেখানে ইবাদতের স্থানে যাওয়ার সময় সাজসজ্জা গ্রহণ করতে উৎসাহিত করছেন, সেখানে নারীদের জন্য সাজসজ্জাকে “সম্পূর্ণ নিষিদ্ধ” বা “পাপ” মনে করা কুরআনের আয়াতের পরিপন্থী।
পরিশেষে
আল্লাহ তা’য়ালা কুরআনে নারীদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক করে দেননি; বরং তিনি কিছু মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। এই সীমানার মধ্যে থেকে একজন নারী তার পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী যেকোনো পোশাক নির্বাচন করে নিতে পারেন।
- উদাহরণ: সালোয়ার-কামিজ, শার্ট, টিশার্ট, শাড়ি, ব্লাউজ, জিন্স বা ট্রাউজার (যদি খুব বেশি টাইট না হয়), মাঝারি বা লম্বা স্কার্ট, সোয়েটার, কোট, জ্যাকেট ইত্যাদি।
- প্রেক্ষাপট ও পরিবেশ: সাধারণভাবে প্রকাশিত সৌন্দর্যের সংজ্ঞা একেক পরিবেশে একেকরকম। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, পারিবারিক অনুষ্ঠান কিংবা খেলাধুলার মাঠ—প্রতিটি ক্ষেত্রের জন্য পোশাকের শৈলী ও দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক।
- শর্ত: পোশাকটি যেন বক্ষদেশ (Chest/Cleavage) সম্পূর্ণ আবৃত রাখে এবং শরীরের গোপন অঙ্গগুলো ঢেকে রাখে। রঙের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই।
