প্রতি বছর রমজান মাস এলে আমাদের অনেকের মধ্যেই ‘লাইলাতুল ক্বদর’ খোঁজার ধুম পড়ে যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এটি রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাতে (বিশেষ করে ২৭তম রাতে) আসে এবং এই এক রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। কিন্তু আমরা কি কখনো আল্লাহর কিতাব কুরআন থেকে সরাসরি জানার চেষ্টা করেছি যে, ‘লাইলাতুল ক্বদর’ আসলে কী এবং এর প্রকৃত উদ্দেশ্য কী?
১. লাইলাতুল ক্বদর কী?
কুরআনের ৯৭তম সূরা আল-ক্বদরে এই রাতের উল্লেখ রয়েছে। আরবি শব্দ ‘ক্বদর’-এর অর্থ হলো পরিমাপ করা, নির্ধারণ করা, ভাগ্য বা ক্ষমতা ইত্যাদি। আল্লাহ তা‘আলা বলেন:
“নিশ্চয়ই আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি ক্বদরের রাতে। আর কিসে তোমাকে জানাবে যে ক্বদরের রাত কী? ক্বদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাতে ফেরেশতারা এবং রূহ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সমস্ত নির্দেশ নিয়ে অবতরণ করে। ভোর হওয়া পর্যন্ত সেখানে শান্তি বিরাজ করে।” (৯৭:১-৫)
২. কেন এই রাতটি গুরুত্বপূর্ণ?
এই রাতটি গুরুত্বপূর্ণ কারণ এখানেই মানবতার মুক্তির সনদ ‘আল-কুরআন’ অবতীর্ণ হওয়ার সূচনা হয়েছিল। কুরআনের অন্য এক আয়াতে এই রাতকে ‘লাইলাতিন মুবারাকাতিন’ বা বরকতময় রাত বলা হয়েছে:
“শপথ সেই কিতাবের, যা সত্যকে সুস্পষ্ট করে। নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতেই সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়।” (৪৪:২-৪)
সূরা আল-বাকারার ১৮৫ নম্বর আয়াত স্পষ্ট করে যে, কুরআন নাজিলের এই বরকতময় রাত রমজান মাসেই ছিল।
এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, পুরো কুরআন একবারে নাজিল হয়নি। বরং নবীর জীবদ্দশায় ধাপে ধাপে প্রয়োজন মোতাবেক কুরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে। আল্লাহ বলেন:
“আর যারা অবিশ্বাসী তারা বলে, তাঁর উপর পুরো কুরআন কেন একবারে অবতীর্ণ হলো না? এভাবেই (নাযিল করেছি) যাতে এর দ্বারা তোমার হৃদয় সুদৃঢ় হয়, এবং আমি এটিকে সঠিক ক্রমে সাজিয়েছি (রাতালনাহু তারতিলা)।” (২৫:৩২)
কুরআনে আরও বলা হয়েছে:
“আর কুরআনকে আমি বিভক্ত করেছি, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পার ধীরে ধীরে এবং আমি তা নাযিল করেছি পর্যায়ক্রমে।” (১৭:১০৬)
সুতরাং লাইলাতুল ক্বদর হলো সেই ঐতিহাসিক বরকতময় রাত, যে রাতে কুরআন নাজিলের সূচনা হয়েছিল।
৩. এই রাত কি প্রতি বছর আসে?
কুরআন অনুসারে, এই রাতটি বরকতময় হওয়ার একমাত্র কারণ হলো এই রাতে কুরআন নাজিল শুরু হয়েছিল। কুরআন যেহেতু একবারই নাজিল হয়েছে প্রায় ১৪শ বছর আগে, তাই এই রাতটি বারবার ফিরে আসার কোনো যৌক্তিকতা বা কুরআনিক প্রমাণ নেই।
কুরআনের কোথাও এই রাত খুঁজে বের করার কোন নির্দেশ দেওয়া হয়নি।
সূরা দুখানে (৪৪:৩) একে ‘বরকতময় রাত’ বলা হয়েছে—যে রাতে কুরআন নাজিলের সূচনা হয়েছিল। এটি ছিল মুহাম্মদ-এর জীবনের একটি বিশেষ ঐতিহাসিক ঘটনা।
৪. ২৭শে রমজানের ধাঁধা
আমরা অনেকেই ২৭শে রমজান বা শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই রাত খুঁজি। কিন্তু কুরআনে কি এমন কোনো নির্দিষ্ট তারিখের উল্লেখ আছে?—না। যদি আল্লাহ চাইতেন আমরা নির্দিষ্ট কোনো রাতে বিশেষ ইবাদত করি, তবে তিনি তা স্পষ্টভাবে বলে দিতেন—ধাঁধার মতো অস্পষ্ট রেখে দিতেন না।
কুরআনের সব আইন ও নির্দেশনা অত্যন্ত স্পষ্ট। রমজানের শেষ দশকে এই রাত খোঁজার বিষয়টি সম্পূর্ণ অনুমাননির্ভর, যার কোনো কুরআনিক ভিত্তি নেই। আল্লাহ রমজান মাসের কোনো অংশ বা রাতকে বাকি রমজানের চেয়ে বেশি গুরুত্ব দেননি।
৫. আমরা কেন রমজানে রোজা রাখি?
অনেকে মনে করেন, রমজান রোজা রাখা হয় লাইলাতুল ক্বদর পাওয়ার জন্য। কিন্তু কুরআনের বক্তব্য ভিন্ন। রমজানে রোজা রাখা হয় ‘তাকওয়া’ অর্জনের জন্য।
“হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।“ (২:১৮৩)
“সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।” (২:১৮৫)
৬. দোয়া কবুলের কোনো ‘শর্টকাট ওয়ে’ আছে কি?
অনেকের ধারণা, এই এক রাতে দোয়া করলে সব কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহর ন্যায়বিচার ও বিধান অনুসারে, দোয়া কবুল বান্দার একনিষ্ঠতা ও আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে—কোনো বিশেষ তারিখ বা সময়ের ওপর নয়। কুরআন আমাদের শেখায় যে, ইবাদত ও ধৈর্য হতে হবে ধারাবাহিক।
“এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে যারা জিহাদকারী ও ধৈর্যশীল তাদের প্রকাশ করে দেই।” (৪৭:৩১)
শেষ কথা
ইসলামের মূল ভিত্তি হলো কুরআন। আমাদের উচিত উত্তরাধিকার সূত্রে পাওয়া লোকজ বিশ্বাসের চেয়ে কুরআনের সরাসরি বিধানকে প্রাধান্য দেওয়া। কোনো অনির্দিষ্ট রাত খুঁজে সেখানে বিশেষ ইবাদত করার চেয়ে সারা বছর কুরআনের নির্দেশনা অনুসরণ করাই মুমিনের প্রকৃত কাজ। দ্বীন পালন হোক সহজ, স্পষ্ট এবং কুরআননির্ভর—অনুমাননির্ভর নয়।