ফিঙ্গারপ্রিন্টস অফ অথেন্টিসিটি

✍🏻 Joseph Abraham Islam
Admin of quransmessage.com

আমি আজ আপনাদের সাথে এমন কিছু অনুভূতি শেয়ার করতে চাই, যেগুলো একসময় কুরআন নিয়ে পড়াশোনা করা এক ব্যাকুল ছাত্র ও সমালোচকের হৃদয়কে প্রবলভাবে নাড়া দিয়েছিল। নিজের মন ও যুক্তির সাথে দীর্ঘ এক নিরবচ্ছিন্ন লড়াইয়ের পর, শেষ পর্যন্ত সে মেনে নিতে বাধ্য হয়েছিল যে— “সৃষ্টিকর্তা সত্যিই কথা বলেছেন…”

বিশাল এক সমুদ্র পরিমাণ বিক্ষিপ্ত ভাবনা থেকে তুলে আনা কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:

আয়াত ৬:৩৫

এগুলো কি আসলেই কোনো মিথ্যা নবীর কথা হতে পারে—যিনি তার সামনে থাকা এক শত্রুভাবাপন্ন ও বিদ্বেষপূর্ণ সমাজের সামনে নিজেকেই ‘জাহিল’ বলে তিরস্কার করবেন? নাকি এগুলো ছিল কোনো এক উচ্চতর সত্তার বাণী, যিনি তাকে শাসন করছিলেন?

[০৬:৩৫] “আর যদি তাদের মুখ ফিরিয়ে নেওয়া তোমার কাছে অসহনীয় মনে হয়, তবে সাধ্য থাকলে তুমি পৃথিবীর গভীরে কোনো সুড়ঙ্গ কিংবা আকাশে ওঠার কোনো সিঁড়ি খুঁজে বের করো, যাতে তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসতে পারো! আল্লাহ চাইলে তাদের সবাইকে হেদায়েতের ওপর সমবেত করতে পারতেন। অতএব, তুমি কখনোই জাহিলদের অন্তর্ভুক্ত হয়ো না।”

প্রশ্ন: মানবরচিত গ্রন্থ নাকি সত্যতার অকাট্য স্বাক্ষর?

আয়াত ৯৩:০৭

পথভ্রষ্ট/বিভ্রান্ত হওয়ার এক অকপট স্বীকারোক্তি, নাকি অনুবাদের কোমলতায় ঢেকে দেওয়া নিছকই ‘পথ হারানোর’ উপাখ্যান?

[৯৩:০৭] “আর তিনি আপনাকে ‘দাল্ল’ (পথভ্রষ্ট/বিভ্রান্ত) অবস্থায় পেয়েছিলেন, অতঃপর আপনাকে পথ দেখিয়েছেন।”

একটু লক্ষ করুন, ঠিক এই একই শব্দ “দাল্ল” সূরা ফাতিহার ৭ নং আয়াতে ব্যবহৃত হয়েছে, যা প্রতিদিন কোটি কোটি মুসলিম পাঠ করে। তারা খুব ভালো করেই এই আয়াতের অর্থ জানে, অথচ ৯৩:০৭ আয়াতের ক্ষেত্রে অনেকেই সেই একই অর্থ প্রয়োগ করতে ব্যর্থ হয়। ৯৩:০৭ আয়াতে তারা এর অনুবাদ করার চেষ্টা করে “পথ সম্পর্কে অনবহিত”। ধর্মের একনিষ্ঠ অনুসারীরাই যেখানে এই শব্দটির তীব্রতা ‘হালকা’ করার চেষ্টা করে, সেখানে একজন মিথ্যা নবী কেন নিজের বিরুদ্ধে এত কঠোর ভাষা ব্যবহার করবেন? তাও আবার এমন একদল শ্রোতাদের সামনে, যারা তার ভুল ধরার জন্য ওত পেতে বসে আছে! নাকি এটিও ছিল কোনো এক উচ্চতর সত্তার পক্ষ থেকে আগত এক পরম সত্যের বহিঃপ্রকাশ?

প্রশ্ন: মানবরচিত গ্রন্থ নাকি সত্যতার অকাট্য স্বাক্ষর?

আয়াত ৪২:৫২

এক অকপট স্বীকারোক্তি—পরবর্তীকালের বহু ইতিহাসবিদ নবীজির দাওয়াতি জীবন ও পূর্বের জীবনকে যে অতিমানবীয় মহিমায় ভাসিয়েছেন, কুরআন যেন তা থেকে সম্পূর্ণ এক ভিন্ন চিত্র তুলে ধরে। ইতিহাস ও লোককথার সাথে কুরআনের এই বৈপরীত্য এবং মানুষের স্বভাবগতভাবে নিজেকে সবসময় নিখুঁত প্রমাণের প্রবণতার কথা বিবেচনা করলে একটি প্রশ্ন আসে—কোনো মিথ্যা নবী কি কখনো স্বেচ্ছায় স্বীকার করবেন যে কোনো একসময় তাঁর প্রকৃত ঈমানই ছিল না?

[৪২:৫২] “আর এভাবেই আমি আমার নির্দেশের রুহ তোমার প্রতি ওহী করেছি। তুমি জানতে না কিতাব কী, আর না জানতে ঈমান কী…”

এটি কি ছিল কোনো এক মিথ্যা নবীর ‘রিভার্স সাইকোলজি’ খেলার ঝুঁকিপূর্ণ চেষ্টা, নাকি ছিল কোনো এক উচ্চতর সত্তার পক্ষ থেকে আগত সত্যেরই এক অকাট্য বহিঃপ্রকাশ?

প্রশ্ন: মানবরচিত গ্রন্থ নাকি সত্যতার অকাট্য স্বাক্ষর?

আয়াত ১২:০৩

কোনো মিথ্যা নবী কি কিতাব রচনা করতে গিয়ে নিজের অতীতের ভুল ও অজ্ঞতাকে এমনভাবে প্রকাশ্যে তুলে ধরার সাহস করতেন, যা কি না চিরকালের জন্য সংরক্ষিত হয়ে থাকবে?

[১২:০৩] “আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনি বর্ণনা করছি, ওহীর মাধ্যমে তোমার কাছে এই কুরআন পাঠিয়ে; যদিও এর আগে তুমি অবশ্যই গাফিলদের (উদাসীনদের) অন্তর্ভুক্ত ছিলে।”

প্রশ্ন: মানবরচিত গ্রন্থ নাকি সত্যতার অকাট্য স্বাক্ষর?

আয়াত ৬৬:০১

কোনো মিথ্যা নবী কি নিজের দুর্বলতাকে সবার সামনে তুলে ধরে এভাবে প্রকাশ্যে নিজেকে তিরস্কার করতেন? নাকি এটিও ছিল সেই পরম সত্তার পক্ষ থেকে আগত সত্যের আরও একটি প্রমাণ?

[৬৬:০১] “হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন, তুমি তা হারাম করছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ? আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।”

আয়াত ৫:১৭

যারা মহাবিশ্বকে জানার এবং মহাশূন্যকে পড়ার সাধনায় নিমগ্ন, তারা সহজাতভাবেই জানেন যে—এই সুবিশাল মহাবিশ্বের স্রষ্টাকেও হতে হবে অপরিসীম ক্ষমতা ও সার্বভৌমত্বের অধিকারী। তিনি কখনো কোনো মানব রূপ বা মানবিক চাহিদার মুখাপেক্ষী হতে পারেন না।

আমরা হয়তো সৃষ্টিকর্তা কেমন হতে পারেন—তা কখনোই পুরোপুরি ভাষায় প্রকাশ করতে পারব না। কিন্তু আমরা অন্তত এতটুকু বলতে পারব যে—তিনি কেমন নন। যে ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তাকে মানবিক রূপ দেয় বা অন্যের ওপর নির্ভরশীল করে তোলে, তা কখনোই সত্য হতে পারে না।

[০৫:১৭] “তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে, ‘নিশ্চয়ই আল্লাহই হলেন মারিয়াম-পুত্র মসীহ’। বলো, ‘কার ক্ষমতা আছে আল্লাহর বিরুদ্ধে কিছু করার, যদি তিনি মারিয়াম-পুত্র মসীহ, তার মাতা এবং পৃথিবীর বুকে থাকা সবাইকে ধ্বংস করে দিতে চান?’ আর আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব আল্লাহরই; তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন; আর আল্লাহ সবকিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।”

প্রশ্ন: মানবরচিত গ্রন্থ নাকি সত্যতার অকাট্য স্বাক্ষর?

কুরআনের বর্ণনাগুলোতে যখন একের পর এক বহুমুখী যুক্তি ও সুগভীর প্রজ্ঞা একসঙ্গে ফুটে ওঠে, তখন একজন মানুষ ধীরে ধীরে এক অনিবার্য উপলব্ধিতে পৌঁছে যায়—সৃষ্টিকর্তা সত্যিই কথা বলেছেন।

উপরে যে কয়েকটি উদাহরণ পড়লেন, সেগুলো এমন একজন ব্যক্তির অনুভূতির চিত্র, যে নিজেই একসময় ছিল কুরআনের কঠোর সমালোচক।

এমন গভীর অনুভূতি কখনো অন্ধ অনুসারীদের হৃদয় থেকে আসা সম্ভব নয়—যারা বিচার-বিবেচনা ছাড়াই ধর্মকে গ্রহণ করে এবং নবীকে এমন এক অতিমানবীয় উচ্চতায় নিয়ে যায় যে, তারা কুরআনের সেই আয়াতগুলোর অন্তর্নিহিত অর্থ দেখতে ব্যর্থ হয়। তারা যে আয়াতগুলোর অর্থ কোমল করে কিংবা আড়াল করার চেষ্টা করে, প্রায়শই সেই আয়াতগুলোতেই লুকিয়ে থাকে কুরআনের সত্যতার অকাট্য প্রমাণ।

কিছু মানুষ যা আড়াল করতে চায়, তার ভেতরেই আমাদের কেউ কেউ স্রষ্টাকে খুঁজে পায়।

“ইয়া’আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে সত্যিই তুমি তোমার বান্দাদের সাথে কথা বলেছো এই কুরআনের মাধ্যমে। সেই দিন, হে আমার রব, দয়া করে আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিও যারা এই সত্যের সাক্ষ্য বহন করেছে।“